চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। শোভাযাত্রা শেষে পৌর পার্কে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে ইলা মিত্রের সংগ্রামী জীবন ও অবদান নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনরা।
তারা বলেন, ‘তেভাগা আন্দোলনের প্রবাদপ্রতিম নেত্রী ইলা মিত্র আজও কৃষকের ন্যায্য অধিকার প্রশ্নে প্রাসঙ্গিক। সমাজে শোষণ-নিপীড়ন এখনো বন্ধ হয়নি, বরং ভিন্ন রূপে তা চলমান।’
বক্তারা বলেন, ‘তেভাগা আন্দোলনের চেতনা আজও কৃষক সমাজের জন্য প্রেরণা। এখনো ক্ষুদ্র নৃগোষ্ঠী কিংবা বাঙালি কৃষকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বরেন্দ্র অঞ্চলে কৃষকরা জমিতে সেচের পানি না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এটি ইলা মিত্রের সময়ের শোষণ ব্যবস্থারই পুনরাবৃত্তি। আজও অনেক কৃষক নিজের ধান নষ্ট হলেও জমির মালিককে প্রাপ্য অংশ বুঝিয়ে দিতে বাধ্য হন, যা সমাজে বৈষম্যের প্রতীক।’
ইলা মিত্র জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা ও আদিবাসী বাঙালি কৃষক সমাবেশ শেষে অনুষ্ঠিত হয় আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ ও গান। সভায় বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমিনুল ইসলাম, নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর ও জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিচিত্রা তিরকি।










