কয়েকদিন ধরে চলা শ্রমিক অসন্তোষের মুখে গত বৃহস্পতিবার ২১৯টি কারখানা বন্ধ ও ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে শনিবার থেকে এসব কারখানার অধিকাংশ খুলে দেয়া হয়েছে। আজ রোববারও (১৫ সেপ্টেম্বর) খুলেছে ২৯টি কারখানা। 

আজ সকালে ২৯টি কারখানা খোলার তথ্য জানিয়েছে শিল্প পুলিশ। এর আগে গতকাল উৎপাদন শুরু হয়েছে বন্ধ ও ছুটি ঘোষণা করা ১৭০টি কারখানায়।

শিল্প পুলিশ জানায়, শ্রমিক অসন্তোষের মুখে বৃহস্পতিবার ৮৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে সাধারণ ছুটি ঘোষণা করা হয় ১৩৩টি কারখানায়। তবে শিল্পাঞ্চলে কাজের পরিবেশ ফিরে আসায় শনিবার ৮৬টি কারখানার মধ্যে ৫০টিতে উৎপাদন শুরু হয়। বাকি ৩৬টির মধ্যে ১৮টিতে উৎপাদন শুরু হয়েছে আজ। আর সাধারণ ছুটি ঘোষণা করা ১৩টি কারখানার মধ্যে ১১টিতে শুরু হয়েছে উৎপাদন। এই মুহূর্তে সবমিলিয়ে ২০টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। 

কারখানা মালিকরা জ্নান, আজ সকালে ৪-৫টি কারখানায় শ্রমিকরা প্রবেশ করলেও বিভিন্ন দাবিতে উৎপাদন বন্ধ রাখেন। পরে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে তারাও কাজে যোগ দেন।

বিজিএমইএ সূত্রে জানা যায়, শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে জেনারেশন নেক্সট, সান সোয়েটার, মাসকট ফ্যাশন ও পার্ল গার্মেন্টসসহ ১৮টি পোশাক কারখানা।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, আজ পরিবেশ অনেকটাই ভালো। ২০টি বাদে সকল পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, অব্যাহত রয়েছে যৌথ বাহিনীর টহল।