নেত্রকোনার দুর্গাপুরে কংস নদে নৌকাডুবিতে নিখোঁজ আরো দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ তিনজনেরই মরদেহ উদ্ধার হলো। নিহতরা হলেন দুর্গাপুরের ঢেওটুকুন গ্রামের আবু সিদ্দিকের ছেলে স্বপন মিয়া (২৫) ও পূর্বধলার সাফের উদ্দিনের ছেলে সোহেল মিয়া (২৫)।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব উল আহসান জানান, গতকাল বেলা ১১টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে সোহেল মিয়ার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। অন্যদিকে স্বপন মিয়ার মরদেহ জেলার বারহাট্টা উপজেলার ফকিরবাজার এলাকায় কংস নদে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। স্বজনেরা শনাক্ত করার পর মরদেহ হস্তান্তর করা হয়।










