লাখো দর্শকের আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে মাগুরার মহম্মদপুরের মধুমতী নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ। গতকাল বিকালে মহম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নবম বার্ষিক বিহারী লাল নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।  মাগুরা, ফরিদপুর, নড়াইল, মাদারীপুর, সিরাজগঞ্জ, যশোর, খুলনাসহ বিভিন্ন জেলার ২২টি নৌকা অংশ নেয় এ বাইচে।

মাগুরার মহম্মদপুর ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাঝে মধুমতী নদীর ওপর শেখ হাসিনা সেতুকে কেন্দ্র করে এ বাইচ উপলক্ষে নদীর দুই পাড়ে নানা পণ্যের পসরা নিয়ে বসেছিল গ্রামীণ মেলা।

নৌকা বাইচ শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য বীরেন শিকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্বে এ সময়  উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক আশরাফুল আলম, সহকারী পুলিশ সুপার মো. কলিমুল্লাহ প্রমুখ।