রাজবাড়ীর গোয়ালন্দে বালুবোঝাই ড্রামট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। এ ঘটনার পর ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের দৌলতদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মো. আলমাস সেক (৫০)। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার মাকুবাই গ্রামের মৃত বিলায়েত হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আলমাস মোটরসাইকেলে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। পথে একটি বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদিকে ঘটনার পর ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে মুহূর্তেই ট্রাকটি পুড়ে যায়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।