রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশনের (রুডো) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় নবীন বিতর্ক প্রতিযোগিতা ‘ফ্রেশার্স ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৫’। ফাইনালে রাজশাহী মেডিকেল কলেজকে (রামেক) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। প্রতিযোগিতায় টুর্নামেন্ট সেরা বিতার্কিক হয়েছেন রামেকের হাসিন আনজুম এবং ফাইনালে সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন রুয়েটের তাসমিয়া আক্তার প্রাপ্য।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, রামেকের অ্যানাটমি বিভাগের সহকারী অধ্যাপক ঈশিতা খানম ও শিক্ষক কাউন্সিলের সাংস্কৃতিক সম্পাদক ড. ফারহান ইমতিয়াজ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন আম্মার, রাকসুর বিতর্ক এবং সহ বিতর্ক ও সাহিত্য সম্পাদক। এ আয়োজনের গণমাধ্যম সহযোগী বণিক বার্তা।

এর আগে, গত শুক্রবার ও শনিবার (৭ ও ৮ নভেম্বর) প্রতিযোগিতার প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় রাজশাহীর ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩২টি দলের ৯৬ জন বিতার্কিক অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার কনভেনার শাহাদাত হোসাইন বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা বিতর্কে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। পাশাপাশি তারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগও পাচ্ছে। এর ফলে নবীন শিক্ষার্থীদের চিন্তাভাবনার দিগন্ত আরও প্রসারিত হবে। রুডো ভবিষ্যতেও এ আয়োজন চালু রাখবে।