সড়ক দুর্ঘটনায় তিন জেলায় চারজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল দিনের বিভিন্ন সময় মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

মুন্সিগঞ্জ: গজারিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ গুরুতর আহত হয়েছে আরো চারজন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিল্লাল হোসেন (৬৫) ও তার স্ত্রী আলেমা বেগম (৫০)। তারা কুমিল্লার মেঘনা উপজেলার দড়ি লুটেরচর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। আহতরা হলেন বিল্লাল হোসেনের পুত্রবধূ অঞ্জনা (২৩), নাতনি আনিশা (৪) ও অটোরিকশাচালক আব্দুল করিম (৪০)।

আহতরা জানান, কুমিল্লার মেঘনা উপজেলার বাসিন্দা বিল্লাল হোসেনের মেয়ে রত্না আক্তারের বিয়ে হয় গজারিয়া উপজেলার আনারপুরা গ্রামে। সম্প্রতি রত্নার মেয়ে জ্বরে আক্রান্ত হয়। পরিবারসহ ব্যাটারিচালিত অটোরিকশায় করে তাকে দেখতে যাচ্ছিলেন বিল্লাল হোসেন। অটোরিকশাটি আনারপুরা বাসস্ট্যান্ড এলাকায় ইউটার্ন নেয়ার সময় মতলব পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বিল্লাল হোসেন ও তার স্ত্রী আলেমা বেগমসহ পাঁচজন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় বিল্লাল হোসেন, আলেমা বেগম ও অঞ্জনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিল। পথে আলেমা বেগম ও বিল্লাল হোসেন মারা যান।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে। বাসচালক কাউসার হোসেনকে আটক করা হয়েছে।

গোপালগঞ্জ: বাসের ধাক্কায় নান্নু মোল্লা (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নান্নু মোল্লা শহরের বেদগ্রামের সোনামিয়া মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গোবরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় নান্নু মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজারে প্রাইভেট কারের ধাক্কায় মো. ছগির (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সকালে পৌরসভার পায়রা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ছগির উপজেলার আতাদী এলাকার মৃত নঈম উদ্দিনের ছেলে।