দেশের কয়েকটি স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। গতকাল দিনের বিভিন্ন সময় রাঙ্গামাটি, চট্টগ্রাম ও মেহেরপুরে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

রাঙ্গামাটি: কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার এক যাত্রী আহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান মিয়া (২২) ভোলার লালমোহন থানার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে। আহত অটোরিকশার যাত্রী গিয়াস কক্সবাজারের চকরিয়া উপজেলার আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিগামী এসিআই গ্রুপের মালিকানাধীন ওষুধ বহনকারী একটি কাভার্ড ভ্যান বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাচালক হাসান মিয়া ও যাত্রী গিয়াস উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে রাউজান জে. কে. মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। গিয়াস উদ্দিন ওই হাসপাতালে ভর্তি রয়েছেন।

রাঙ্গামাটির কাউখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগ জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রাম: মিরসরাইয়ে সড়কে ইউটার্ন নেয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বিকালে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈমুল ইসলাম (২৭) ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের দৌলতপুর এলাকার আমানুল্লাহর ছেলে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন জানান, বারইয়ারহাট পৌর বাজারের ইউটার্নে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে।

মেহেরপুর: গাংনীতে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে রানা আহম্মেদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল দুপুরে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয় সে। রানা আহম্মদ উপজেলার বামন্দী ইউনিয়নের নিশিপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, রানা আহম্মেদ মোটরসাইকেলে সাহেবনগর থেকে নিজ বাড়ি নিশিপুরে ফিরছিল। সাহেবনগর গ্রামের তালতলা মোড় নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাঁঠাল গাছে ধাক্কা লাগে। দুমড়েমুচড়ে যায় তার মোটরসাইকেলটি। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। গাংনী থানার ওসি বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছেন।