অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক সি আর আবরার।
বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রথমে শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সি আর আবরারকে শপথবাক্য পাঠ করান।
জানা গেছে, অধ্যাপক আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
১৯৫২ সালের আগস্টে ফরিদপুরে জন্ম নেয়া সি আর আবরার দীর্ঘদিন ধরে মানবাধিকার, শ্রমিক অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞ হিসেবে কাজ করে আসছেন। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে তিনি যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় যথাক্রমে মাস্টার্স ও পিএইচডি করেন। পরে ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন।
বাংলাদেশে শরণার্থী ও অভিবাসনবিষয়ক সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) নির্বাহী পরিচালক সি আর আবরার। অনেক দিন ধরেই রোহিঙ্গা শরণার্থীদের নিয়েও কাজ করছেন। তিনি উর্দু ভাষাভাষী তরুণদের বাংলাদেশের নাগরিকত্ব প্রতিষ্ঠার জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। একই সঙ্গে মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সভাপতির দায়িত্বও পালন করছেন সি আর আবরার। লেখালেখি করেন অভিবাসন ও অধিকার বিষয়ে।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর তিনদিন পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।










