জয়পুরহাটে স্কুলছাত্র মোয়াজ্জেম হত্যা মামলায় ১১ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ১১ জনের মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। বাকি ছয়জন পলাতক রয়েছেন। জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন জয়পুরহাট শহরের দেওয়ানপাড়া এলাকার বেদারুল ইসলাম বেদিন, সরোয়ার হোসেন সুমন, মশিউর রহমান এরশাদ, মনোয়ার হোসেন মনছুর, নজরুল ইসলাম, রানা, শাহী, টুটুল, সুজন, রহিম ও ডাবলু। তাদের বাড়ি জয়পুরহাটের বিভিন্ন এলাকায়।

মামলা সূত্রে জানা গেছে, ২০০২ সালের ২৮ জুন বিকালে শহরের প্রামাণিক পাড়ার ফজলুর রহমানের ছেলে মোয়াজ্জেম হোসেন বাড়ি থেকে বের হয়ে যায়। সেদিন আসামিরা মোয়াজ্জেমকে চিত্রা সিনেমা হল এলাকা থেকে তুলে নিয়ে যান। এরপর শহরের ভেটি এলাকায় একটি কবরস্থানের পাশে মোয়াজ্জেমকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে জখম করে। পরে জামালগঞ্জ রোডের একটি আমগাছের নিচে অচেতন অবস্থায় তাকে ফেলে রেখে চলে যান আসামিরা। রাতেই হাসপাতালে নেয়া হলে মোয়াজ্জেম হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় নিহতের বাবা ফজলুর রহমান বাদী হয়ে পরদিন জয়পুরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা মাহবুব আলম ২০০৩ সালের ২৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।