মৈত্রী ভলিবল প্রতিযোগিতায় বিএসএফকে ২-০ সেটে পরাজিত করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। আজ বুধবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কাস্টমস মাঠে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবি ও বিএসএফের মাঝে এ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফের জলপাইগুড়ি সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বিজয় মেহতা। তিনি বলেন, ভারত-বাংলাদেশের সাধারণ জনগণ, উভয় দেশের সরকার ও বিজিবি-বিএসএফের মধ্যে সম্পর্ক আগের যেকোনও সময়ের তুলনায় অনেক সুদৃঢ় রয়েছে। বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত মৈত্রী ভলিবল প্রতিযোগিতার জয়-পরাজয় মুখ্য কোনো বিষয় নয়। আমাদের সুসম্পর্ক জনগণের সামনে প্রকাশ করতেই দুই বাহিনীর মধ্যে খেলাধুলার আয়োজন করেছি। আজকের ভলিবল প্রতিযোগিতা তারই অংশ। আগামীতে এ ধরনের প্রতিযোগিতায় উভয় দেশের সাধারণ মানুষকে উপভোগের সুযোগ দেওয়ার জন্য বিজিবি-বিএসএফ একমত হয়েছে। আগামীতে আমরা আরো বেশি আনন্দ উপভোগ করবো।

তিস্তা-৬১ বিজিবি ব্যাটালিয়ন এ মৈত্রী ভলিবল প্রতিযোগিতার আয়োজন করে। খেলা দেখতে আসা দুই দেশের মানুষ বিজিবি-বিএসএফের খেলোয়াড়দের উৎসাহ দেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জলপাইগুড়ি বিএসএফের সেক্টর কমান্ডার বিজয় মেহতার উপস্থিতিতে বিএসএফের খেলোয়াড়দের হাতে রানার্স আপ ট্রফি তুলে দেন বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইয়াছির জাহান হোসেন। এরপর বিজিবির খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি।

বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইয়াছির জাহান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ৬ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক অতুল সৈনী, ৪০ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক বিভূতি ভূষণ কুমার, ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক সতীশ কুমার, ১৮০ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক সত্যেন্দ্র কুমার পাঠক, জলপাইগুড়ি বিএসএফ হেডকোয়ার্টার্সের কমান্ডার শিভা মুরুথে ও ৬১-বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মীর হাসান শাহরিয়ার মাহমুদ এবং ৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এ এফ এম আজমল হাসান খান, বিজিবি রংপুর রিজিয়নের পরিচালক সাঈদ সালাউদ্দিন, বিজিবি রংপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক আশরাফুজ্জামান, ৬১ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মাহমুদ নুরুদ্দিন খান ও ৫১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ওমর খসরু, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল ও পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট।