ভোটারদের হুমকি দেয়ার অভিযোগে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খানকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। নোটিসে আগামীকাল বেলা ১১টায় অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে তাকে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. শরিফুল হক স্বাক্ষরিত নোটিস গতকাল আসিবুর রহমান খানের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিচারকের পেশকার মোহাম্মদ আনোয়ার হোসেন।

নোটিস ও আদালত সূত্র জানায়, ১৮ ডিসেম্বর আসিবুর রহমান খানের ২ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিও নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়। ভিডিওতে ভোটারদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘নৌকার বাইরে যদি একজনও কোনো রকম কথা বলে, ইভেন গলা উঁচু করে কথা বলার চেষ্টা করে, আমি তাদের বলতে চাই, আপনাদের গলা আমরা কীভাবে নামাব, সেটা আমরা ভালো করেই জানি।’

এ সম্পর্কে সহকারী রিটার্নিং ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা নাননী খান বলেন, ‘আসিবুর রহমান খান মাদারীপুর-৩ আসনে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ও ভীতির সৃষ্টি করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে ভিডিও চিত্রের সিডিসহ তথ্যপ্রমাণ পাঠানো হয়েছে। কমিটি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে।’