নড়াইলে পরিবহনসহ বিভিন্ন ধরনের যানবাহন থেকে চাঁদা তোলার অভিযোগে আটক দুই শ্রমিকের মুক্তির দাবিতে নড়াইল-যশোর, নড়াইল-খুলনা রুটসহ জেলার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। গতকাল সকাল থেকে এ ধর্মঘটের ডাক দেয় নড়াইল জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে রাতে পুলিশ প্রশাসনের সঙ্গে বাস মালিকদের বৈঠকের পর আজ থেকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।

নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন বলেন, ‘যানবাহন থেকে টাকা তোলার অভিযোগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) খোকন বিশ্বাস (৫০) ও শাকিব (১৭) নামে দুই শ্রমিককে আটক করেছে। এ ঘটনার প্রতিবাদে মালিক ও শ্রমিকরা বাস চলাচল বন্ধ রাখেন।’ 

এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (ডিবি) সাজেদুল ইসলাম বলেন, ‘নড়াইল বাস টার্মিনালের সামনে প্রকাশ্যে বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে গাড়ি প্রতি ২০০ টাকা করে চাঁদা তোলার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।’