দিনাজপুরের হিলি ইমিগ্রেশন ও সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বিজিবি ও পুলিশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার বিকালেই ইমিগ্রেশন ও সীমান্ত এলাকায় এ সতর্কতা জারি করা হয়। গতকাল সকাল থেকে সেটি আরো জোরদার করা হয়েছে। পরিচয় নিশ্চিতের পরই ভারতে গমনের অনুমতি দেয়া হচ্ছে ইমিগ্রেশন চেকপোস্টে। সেই সঙ্গে সীমান্তে বাড়তি টহল রয়েছে। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চিহ্নিত ব্যক্তিরা যাতে কোনোভাবেই ভারতে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে ভারতে যাওয়া প্রত্যেক যাত্রীর পাসপোর্ট ভিসাসহ সবকিছু যাচাই-বাছাই করে তার পরিচয় নিশ্চিত করা হচ্ছে। সেই সঙ্গে কেন ভারতে যাচ্ছেন সেটিও নিশ্চিত করা হচ্ছে। এছাড়া ভারতে গমনেচ্ছুদের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, সেটি নিশ্চিত হওয়ার পরই তাকে অনুমতি দেয়া হচ্ছে। চিহ্নিত কোনো ব্যক্তি এ পথ দিয়ে ভারতে যেতে চাইলে তাকে আটক করে সংশ্লিষ্টদের হাতে তুলে দেয়া হবে।’