স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে গবেষণা করা আন্তর্জাতিক গবেষণাপ্রতিষ্ঠান স্টার্টআপব্লিঙ্ক সম্প্রতি ‘গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইনডেক্স ২০২৪’ প্রকাশ করেছে। 

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ আগের বছরের চেয়ে ছয় ধাপ এগিয়ে ১০০টি দেশের মধ্যে ৮৩তম স্থানে রয়েছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত ১৯তম, পাকিস্তান ৭১তম ও শ্রীলঙ্কা ৭৬তম অবস্থানে আছে। অর্থাৎ তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবার নিচে।

স্টার্টআপের শীর্ষ পাঁচটি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরায়েল, কানাডা, সুইডেন ও সিঙ্গাপুর। শীর্ষ পাঁচটি শহর হচ্ছে সান ফ্রান্সিসকো, নিউইয়র্ক, লন্ডন, লস অ্যাঞ্জেলেস ও বোস্টন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সেরা ১৫০টি শহরের তালিকায় রয়েছে ঢাকার নাম। শীর্ষ ১ হাজার শহরের মধ্যে ঢাকা ২০২৩ সালের চেয়ে ৭১ ধাপ এগিয়ে ১৪০তম অবস্থানে আছে। দক্ষিণ এশিয়ায় ভারতীয় শহরগুলোর আধিপত্য থাকলেও ঢাকার অবস্থান অষ্টম। এ ছাড়া দক্ষিণ এশিয়ায় কৃষিপ্রযুক্তিভিত্তিক স্টার্টআপে ঢাকার অবস্থান সপ্তম।

বাংলাদেশের শীর্ষ স্টার্টআপ হিসেবে পাঠাও, শপআপ, সহজ, আরোগ্য ও টেন মিনিট স্কুলের কথা উল্লেখ করা হয়েছে তালিকায়।