দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মা অধ্যাপক মাহমুদা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি এ শোক জানান।

তারেক রহমান লেখেন, সাবেক জ্বালানি উপদেষ্টা ও দৈনিক ‘আমার দেশ’ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মাতা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহমুদা বেগম আজ রোববার ভোরে রাজধানীর মগবাজারস্থ বারাকাহ কিডনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি লেখেন, অধ্যাপক মাহমুদা বেগমের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান অধ্যাপিকা মাহমুদা বেগম নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন-যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা অধ্যাপক মাহমুদা বেগম একজন মহিয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, আমি তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।