কয়েকদিনের টানা বৃষ্টিতে ময়মনসিংহ নগরীর নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সমস্যা সমাধানে দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের জন্য সিটি করপোরেশন বিভিন্ন জরুরি কার্যক্রম পরিচালনা করছে। গতকাল নগরীর ভাটিকাশর ও বলাশপুরের কাদাযুক্ত হাঁটু পানিতে নেমে সরজমিন পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু।
এ সময় মেয়র টিটু বলেন, ‘জলাবদ্ধতা নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। এ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে তিনটি বড় ড্রেনের নির্মাণকাজ চলমান। এ সংযোগগুলো সম্পন্ন হলে জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়। এছাড়া তাৎক্ষণিক সমাধানের জন্যও আমরা কাজ করছি। এ অঞ্চলে যেসব স্থানে পানি আটকে আছে সেসব স্থান থেকে পানি যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আশা করা যায়, জলাবদ্ধতা পরিস্থিতির দ্রুত অবসান ঘটবে।’
এ সময় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, কাউন্সিলর আব্বাস আলী মণ্ডল ও সিরাজুল ইসলাম, সচিব আরিফুর রহমান, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, নির্বাহী প্রকৌশলী আজহারুল হক, মো. জসীমউদ্দিন ও বিভাগীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।










