যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেছেন, ‘আমাদের একটাই লক্ষ্য, দেশ ও বিশ্বের দরবারে যবিপ্রবিকে ভালোমানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা। সবার সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণের মাধ্যমেই আমরা বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে পারব।’ জুলাই বিপ্লব উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতীকী গ্রাফিতি, স্থিরচিত্র প্রদর্শনী, উপস্থিত রচনা প্রতিযোগিতা এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে গতকাল এ প্রতিযোগিতা শেষ হয়েছে।
উপাচার্য বলেন, ‘ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আমরা যদি নৈতিক মানসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি এবং জাতির উন্নয়নে কাজ করতে পারি তবেই এ বিজয়ের চূড়ান্ত সফলতা আসবে।’
জুলাই বিপ্লব উদযাপন কমিটি সদস্য সচিব ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক ও যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, প্রক্টর ড. মো. ওমর ফারুক, মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার প্রমুখ।










