চুয়াডাঙ্গায় আম সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। এ বছর ৩০ হাজার ৮১০ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। গতকাল সকালে আম সংগ্রহ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সদর উপজেলায় ৭২০ হেক্টর, আলমডাঙ্গায় ২২০, দামুড়হুদায় ৭৩৯ ও জীবননগরে ৬২৫ হেক্টর বাগানে আমের ফলন হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার ৮১০ টন। গতকাল আঁটি, গুটি ও বোম্বাই জাতের সংগ্রহ শুরু হয়েছে। এছাড়া ২৪ মে থেকে হিমসাগর, ৩০ মে থেকে ল্যাংড়া, ১০ জুন আম্রপালি (বারি আম-৩), ১৫ জুন থেকে ফজলি, ১ জুলাই থেকে আশ্বিনা জাতের আম সংগ্রহ করা হবে।
জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা জানান, এ জেলায় উৎপাদিত আম সুস্বাদু। এ কারণে আম পাড়ার ক্ষেত্রে যথাযথ নিয়ম মানতে হবে। গুণগত মানের আম বিদেশে রফতানির ক্ষেত্রে দৃষ্টি দেয়া জরুরি। ব্যবসায়ীদের স্বার্থে অন্য কোনো জেলা থেকে অপরিপক্ব আম এখানে ঢুকতে দেয়া হবে না। এছাড়া আম বাজারজাতের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অপরিপক্ব আম সংগ্রহ এবং রাসায়নিক ব্যবহার করা যাবে না।










