মৌলভীবাজারের বড়লেখায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে রুবিয়া বেগম (৪২) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে এই ঘটনাটি ঘটে। তিনি উপজেলার সুড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুলের করিমের স্ত্রী ও উপজেলার কান্দিগ্রাম মিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। পরিবারে তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
এ ঘটনায় ওই শিক্ষিকার স্বামী শিক্ষক আব্দুল করিমও (৪৮) দগ্ধ হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের একটি বেসরকারী হাসপাতালে পাঠানো হয়েছে।
বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম মোল্লা জানান, রান্না ঘরটি বদ্ধ অবস্থায় ছিল। ফলে সিলিন্ডার লিকেজ থেকে রান্নাঘরে গ্যাস জমে যায়। রান্নার জন্য চুলা জ্বালাতেই শরীরে আগুন ছড়িয়ে ওই শিক্ষিকার মৃত্যু হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে স্কুল শিক্ষিকা রুবিয়া বেগম মারা গেছেন। এসময় তাকে বাঁচাতে গিয়ে তার স্বামীও দগ্ধ হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।










