রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ১ হাজার ৩৬৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সোমবার (৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে রোববার (২ মার্চ) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক এ অভিযান পরিচালনা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপি জানায়, রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে রোববার দিনব্যাপী অভিযান চালিয়ে মোট ১ হাজার ৩৬৭টি মামলা করা হয়েছে। পাশাপাশি এই সময়ে ১২০টি গাড়ি ডাম্পিং ও ২২টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।










