ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশ ও জাতির কল্যাণে আলেম সমাজের ভূমিকা অবিস্মরণীয়। দেশের যেকোনো ক্রান্তিকালে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে চট্টগ্রামের ফটিকছড়িতে জামিয়া ওবায়দিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, এ দেশের ইতিহাসে যতবার ফিতনা-ফ্যাসাদ মাথাচাড়া দেয়ার চেষ্টা করেছে ততবারই আলেমরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছেন। ভবিষ্যতেও যদি কোনো অপশক্তি কখনো এ দেশে ইসলামের ওপর আঘাত করার চেষ্টা করে তাহলে আলেম সমাজ তা রুখে দেবে। ইসলাম ধর্মকে নিয়ে কোনো হীন চক্রান্ত এ দেশে সফল হবে না।

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা ক্ষমতা ভোগের অভিপ্রায় নিয়ে দায়িত্ব গ্রহণ করিনি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবেন তারা যাতে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে সে পথ সুগম করতেই আমরা কাজ করে যাচ্ছি। এজন্য সংস্কারমূলক কর্মকাণ্ড হাতে নেয়া হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলার উন্নয়ন আমাদের অগ্রাধিকার। এরপর ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে যথাসময়ে নির্বাচন দেয়া হবে।

ড. খালিদ বলেন, অন্তর্বর্তী সরকার যে সময়ে দায়িত্ব গ্রহণ করেছে সে সময় দেশের পরিস্থিতি ছিল নাজুক। রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক সংকটসহ সরকারকে নানামুখী সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সবার আন্তরিক সহযোগিতার ফলে এসব সংকট ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে। এ দেশের মানুষ যে বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন লালন করে সেরূপ রাষ্ট্র বিনির্মাণের পথে সরকার এগিয়ে যাচ্ছে।

জামিয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ সালাহ উদ্দীন নানুপুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদ্রাসার সিনিয়র শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।