জেলার বারহাট্টা উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টাকারীকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলার বারহাট্টার হারুলিয়া বাজারে শহীদ মিনারের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিভিন্ন বয়সী মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন স্থানীয় সেলিম তালুকদার, মো. আলী আহম্মদসহ অনেকে।

এ সময় বক্তারা জানান, পাঁচ মাস আগে উপজেলার বাউশী ইউনিয়নের পাচরুহি গ্রামে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে তাপস সরকার নামে এক ব্যক্তি। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা থানায় মামলা করলেও গ্রেফতার হয়নি অভিযুক্ত। উল্টে বাদী ও শিক্ষার্থীকে মেরে ফেলার হুমকি দিচ্ছে আসামি। এরপর থেকে ওই শিক্ষার্থীর পরিবার গ্রামছাড়া।