মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে বান্দরবানের ঘুমধুম ইউনিয়নে এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ইউনিয়নটির তুমব্রু ক্যাম্প পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তবীন্দ্র ধর (৫২) ওই পাড়ারই বাসিন্দা। একাধিক সুত্রে জানা যায়, কৃষক তবীন্দ্র ধর বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে দৈনন্দিন কাজে যাচ্ছিলেন। এ সময় আকস্মিকভাবে মিয়ানমারের দিক থেকে আসা গুলির আঘাতে আহত হন তিনি। গুলিটি তার ডান হাতে লাগে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

মিয়ানমারের আরাকান রাজ্যে সামরিক জান্তা ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) মধ্যে লড়াইয়ের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত লড়াইয়ের গতিপ্রকৃতি সামরিক জান্তার প্রতিকূলেই রয়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া গেছে।

চলমান এ লড়াইয়ের তীব্রতা বাড়ার ফলে দেশটির সীমা অতিক্রম করে কখনো কখনো বোমা ও গুলি এসে বাংলাদেশের অভ্যন্তরেও পড়ছে।