দুই জেলায় সড়ক দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টায় কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুজন ও রাজবাড়ীতে একজন। প্রতিনিধিদের পাঠানো খবর—
ব্রাহ্মণবাড়িয়া: জেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন মারা গেছেন। গতকাল বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরায় এ দুর্ঘটনার ঘটে। নিহতরা হলেন সাধন মিয়া (৪০) ও হিমেল (২৮)। সাধন মিয়া বিকাশের ডিস্ট্রিবিউশনের এজেন্ট সুপারভাইজার ও হিমেল সেলস অফিসার। স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, সাধন মিয়া ও হিমেল সকালে অফিসের কাজে মোটরসাইকেল নিয়ে বের হন। কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে যাওয়ার পথে ঘাটুরায় তাদেvর একটি ট্রাক চাপা দেয়। এতে সাধন মিয়া ঘটনাস্থলে নিহত এবং হিমেল গুরুতর আহত হন। গুরুতর আহত হিমেলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আশুগঞ্জে মারা যান। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের লিডার রাজা মিয়া জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রাজবাড়ী: জেলার বালিয়াকান্দিতে মোটরসাইকেল চাপায় রাহাত মোল্লা ওরফে কাঞ্চন (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি গ্রামের ছাত্তার মোল্লার ছেলে ও ফরিদপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র। গত রোববার সন্ধ্যায় রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের বহরপুর ইউনিয়নের রায়পুর রেজাউল চেয়ারম্যানের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।










