রাঙ্গামাটির লংগদু উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের সোনাই মালাদ্বীপ এলাকায় এ অভিযান পরিচালনা করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।

দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন লংগদু উপজেলার বাসিন্দা মো. রহিম ও মনির হোসেন।

ইউএনও জাহাঙ্গীর হোসাইন বলেন, পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৬(খ) ধারায় এ জরিমানা করা হয়েছে। উপজেলায় পাহাড় কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।