ব্রাহ্মণবাড়িয়ায় ডিমের বাজার স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধায়নে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকির অংশ হিসেবে গতকাল দুপুরে সদর উপজেলার ফারুকী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, ‘অভিযানকালে পৌর শহরের ফারুকী বাজারের ব্যবসায়ীরা ডিম বিক্রয়ের মূল্য তালিকা দেখাচ্ছেন না। ক্রয়-বিক্রয় ভাউচারও যথাযথভাবে সংরক্ষণ করছেন না ব্যবসায়ীরা। এ পরিপ্রেক্ষিতে চারজন ডিম ব্যবসায়ীর কাছ থেকে সতর্কতামূলক সাড়ে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে সরকারের আইন মেনে স্বাস্থ্যকর উপায়ে ব্যবসা পরিচালনা করার নির্দেশনাও দেয়া হয়েছে।’

অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও ১৫ আনসার ব্যাটালিয়নের সদস্যরা। জনস্বার্থে এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।