দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের হাট নরসিংদীর শেখেরচর বাবুরহাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শেখেরচর বাবুরহাটে উত্তর-পশ্চিম পাশে প্রধান গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দোকান মালিকরা জানান, রাত সাড়ে ১১টার দিকে একটি কাপড়ের দোকানের ভেতর আগুন জ্বলতে দেখেন। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পলাশ, নরসিংদী, বেলাব, রায়পুরা, মনোহরদী, গাজীপুর, নারায়ণগঞ্জসহ ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। দীর্ঘ ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ৮০টি দোকান পুড়ে যায়।  এতে শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।