খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর মেশিনে এক পুলিশ সদস্যহ ৩ জনের করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। গেল ২৪ ঘণ্টায় এই ল্যাবে ১৫৪টি নমুনা পরীক্ষা করে এই তিনটি নমুনা পজিটিভ আসে। খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন শনাক্ত হওয়া তিন করোনা রোগীর মধ্যে খুলনা মহানগরীর একজন এবং কুষ্টিয়ার দুজন।
খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ জানান, খুলনা মহানগরীর নিরালা চার নম্বর রোডের বাসিন্দা পুলিশের একজন কনস্টেবলের স্যাম্পল শনিবার সংগ্রহ করা হয়। যার রিপোর্ট রোববার সন্ধ্যায় পাওয়া যায়। তার করোনা পজিটিভ এসেছে।
আক্রান্ত পুলিশ সদস্য সম্পর্কে তিনি বলেন, তিনি চার পাঁচদিন আগে ঢাকা থেকে খুলনায় এসেছেন। তার করোনা পজিটিভ হলেও শরীরে তেমন লক্ষণ নেই। তাকে বাড়ীতে চিকিৎসা দেয়া হচ্ছে। তার বয়স ৫৯ বছর।
এই নিয়ে খুলনা জেলায় করোনা পজিটিভ এর সংখ্যা ৯ এ দাঁড়াল। তারা আরও জানান, করোনা পজিটিভ হওয়া অপর দুজন নারী কুষ্টিয়া জেলার মিরপুরের বাসিন্দা। তাদের একজনের বয়স ৭০ ও অপরজনের বয়স ৩১ বছর।










