জয়পুরহাটে মাদক মামলায় নাজমুল হোসাইন (২৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম সারোয়ার এ রায় দেন। মাত্র ১৩ কার্যদিবসের মধ্যেই মামলাটি নিষ্পত্তি হলো। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল নওগাঁর বদলগাছী উপজেলার চাঁপাডাল গ্রামের ইউসুফ আলী মন্ডলের ছেলে।
মামলা ও আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ১৯ জানুয়ারি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামে মাদক বেচাকেনার সংবাদ পেয়ে র্যাব অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ধরা পড়েন নাজমুল। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে র্যাব নাজমুলের জ্যাকেটের পকেট তল্লাশি শুরু করে। তখন নাজমুল নিজ হাতে ৫৪ দশমিক ৭০ গ্রাম হেরোইন বের করে দেন। এ ঘটনায় র্যাব সদস্য এসআই শাহীনুর রহমান বাদী হয়ে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।










