ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা একটি কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৪০ মিনিটে অধ্যাপক রেবা মণ্ডলের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের ওই কমিটি রেজিস্ট্রার কার্যালয়ে সিলগালা করা প্রতিবেদন জমা দেয়।

প্রতিবেদনটি আজই হাইকোর্টে পাঠিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান।

তিনি জানান, হাইকোর্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা যেকোনো তদন্ত প্রতিবেদন ডেপুটি অ্যার্টর্নি জেনারেল পর্যায়ের একজন কর্মকর্তার কাছে জমা দিতে নির্দেশ দিয়েছেন।

এদিকে প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে কমিটির কোনো সদস্যই মন্তব্য করতে রাজি হননি।

সিলগালা থাকায় প্রতিবেদনে কী আছে সে সম্পর্কে অবগত নন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কার্যালয়।

উক্ত ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠিত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, দেশরত্ম শেখ হাসিনা হল কর্তৃপক্ষ ও কুষ্টিয়া জেলা প্রশাসন হাইকোর্টের নির্দেশে করে একটি তদন্ত কমিটি গঠন করে।

একাধিক সদস্য নাম প্রকাশ না করে জানিয়েছেন, অন্য কমিটিগুলোও তাদের কার্যক্রম গুছিয়ে এনেছে এবং যথাসময়ে তদন্ত প্রতিবেদন জমা দেবে।