জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠান শেষ হয়েছে। শেষদিনের আয়োজনে উৎসবে মেতে ছিলেন বিভাগটির শিক্ষক এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের মৃৎমঞ্চে সমাপনী উৎসবের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। এ সময় তিনি বলেন, ইতিহাস বিভাগের অনেক শিক্ষার্থী দেশ ও দেশের বাইরে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন, দেশ ও জাতিকে সেবা দিয়ে যাচ্ছেন। তারা আমাদের জন্য গর্বের।
এরপর উপাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন বিভাগ সংশ্লিষ্টরা। শোভাযাত্রাটি পুরাতন কলা ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় গিয়ে শেষ হয়। এ সময় বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক ও অন্যান্যরা।
সমাপনী দিনে আনন্দ র্যালি, স্মৃতিচারণ, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য থেকে গুণীজন সম্মাননা, র্যাফেল ড্র এবং সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ইতিহাস বিভাগ। এর আগে গত ১৭ নভেম্বর উদ্বোধন হয় মাসব্যাপী এ অনুষ্ঠানের।
৪ পর্বের মাসব্যাপী এ অনুষ্ঠানে ফলক উন্মোচন, সেমিনার, প্রাক্তন শিক্ষকদের সম্মাননা, বিতর্ক প্রতিযোগিতা, ক্যারিয়ার আড্ডা, ফুটবল, ক্রিকেট ও ভলিবল প্রতিযোগিতা, বাউল সঙ্গীত, গজল সন্ধ্যা প্রভৃতি আয়োজিত হয়।
প্রসঙ্গত, ১৯৭২ সালের ১৭ নভেম্বর বিভাগটি প্রতিষ্ঠিত হয়। বিভাগের প্রতিষ্ঠার সঙ্গে জড়িয়ে আছে জাতীয় অধ্যাপক ড. এ এফ সালাহ্উদ্দীন আহমদের নাম।










