জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে নতুন করে আসছে না কোনো বিধিনিষেধ। টিকা গ্রহণসহ মাস্ক পরলে চতুর্থ ঢেউ মোকাবেলা সম্ভব বলে জানানো হয়েছে। আমরা করোনা বাড়া-কমার মধ্যে আছি। আমাদের একটা সুবিধা হচ্ছে, ব্যাপক টিকা দেয়া হয়েছে। এর সুফল বাংলাদেশের মানুষ পাচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে সমবায় অধিদপ্তরের উদ্যোগে গাভী লালন পালন কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার প্রভাষ চন্দ বালা, জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানসহ অন্যরা। এর আগে সদর উপজেলায় ৪০০ উপকারভোগীর মাঝে গাভী লালন-পালনের জন্য ১ লাখ ৫ হাজার টাকা করে বিতরণ করেন প্রতিমন্ত্রী।