কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে গুলি করে হত্যার ১৫ দিন পর বাংলাদেশী যুবক লিটন বিশ্বাসের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল বিকাল ৫টার দিকে দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে লিটন বিশ্বাসের মরদেহ ফেরত দেয়া হয়। পরিবারের পক্ষে নিহতের ছোট ভাই শিপন বিশ্বাস মরদেহ গ্রহণ করেন।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধীন প্রাগপুর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) নায়েক সুবেদার আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

মরদেহ ফেরত নিয়ে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি মাঠপাড়া সীমান্তের ওপার ভারতের কুমড়িপাড়া সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

৫ মার্চ রাতে দৌলতপুর সীমান্তের ওপার ভারতীয় ভূখণ্ডে বিএসএফের গুলিতে লিটন বিশ্বাস (৩২) নামে এক বাংলাদেশী চোরাকারবারি নিহত হন। তিনি দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্তসংলগ্ন বিলগাথুয়া গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে।