জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, এমপি বলেছেন, বিভিন্ন গোষ্ঠী ভিন্ন ভিন্ন স্বার্থ রক্ষার্থে সাংবাদিকতাকে ব্যবহার করে। তাই হলুদ সাংবাদিকতা দূর করতে হবে। সেজন্য দরকার বেশি বেশি সৎ সাংবাদিকতার চর্চা।

বুধবার রাতে মেহেরপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মেহেরপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিসহ অন্যান্য সাংবাদিকদের উপস্থিতিতে প্রতিমন্ত্রী আরো বলেন, বিভিন্ন নতুন নতুন ভালো কাজের শুরু আমরা মেহেরপুর থেকে শুরু করব। এজন্য সাংবাদিকদের সহযোগিতা চাই।

জেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহীন প্রমুখ। সাংবাদিকদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বর্ণনা ও পরিকল্পনার কথা বলেন মন্ত্রী। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং মেহেরপুর প্রেস ক্লাবের নিজস্ব জমিসহ বিল্ডিং স্থাপনের ঘোষণা দেন। এছাড়া সাংবাদিকতার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।