কুড়িগ্রামের নাগেশ্বরীতে কচুক্ষেত থেকে রাজু মন্ডল (৪২) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। সোমবার (১৭ জুন) ঈদুল আজহার দিন দুপুরে উপজেলার মন্ডলটারী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। রাজু মন্ডল নাগেশ্বরী উপজেলার গাগলা এলাকার মন্ডলটারী গ্রামের জহুরুল ইসলাম মন্ডলের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রাজু মন্ডল গাগলা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করতেন। রোববার (১৬ জুন) বিকালে ব্যবসার উদ্দেশ্যে গাগলা বাজারে যান তিনি। রাত গভীর হলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। এ সময় রাজুর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
আজ সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে কিছুটা দূরে কচুক্ষেতে ব্যবসায়ী রাজু মন্ডলের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর দিলে নাগেশ্বরী থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
রাজু মন্ডলের বোন রেহেনা বলেন, ‘আমার ভাইয়ের কোনো শত্রু নেই। কে বা কারা রাতে কী কারণে ভাইকে হত্যা করেছে জানি না। আমার ভাইকে যে হত্যা করেছে তার দ্রুত বিচার চাই।’
নাগেশ্বরী থানার ওসি রূপ কুমার সরকার জানান, ‘রাজু মন্ডলের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’










