উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরো শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীতে গত তিনদিন ধরে থেমে থেমে বৃষ্টি হলেও গতকাল সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে।

বুধবার (২৮ মে) সকাল থেকে আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে সৃষ্টি হয়েছে জলবদ্ধতা।

এদিকে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। বেড়েছে নদ-নদীর পানির উচ্চতা। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশংকায় পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।