ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রতিবেশী দুই পক্ষের সংঘর্ষে জেরিন আক্তার নামের দুই বছরের এক শিশু নিহত হয়েছে। উপজেলার ভমরাদহ ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শিশু জেরিন আক্তার স্থানীয় জাকির হোসেনের মেয়ে।

রোববার সকালে নিহত শিশুর বাবা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো চারজনকে আসামি করে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করলে, ওই দিন রাতেই মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল তাদের আদালতে তোলা হয়।

মামলার বরাতে পীরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এসআই) সাধন জানান, ১৫ জুলাই বিকালে বাড়ির পাশে শিশুরা ফুটবল খেলছিল। এ সময় বল গিয়ে বিবাদী পক্ষের এক নারীর গায়ে লাগলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরদিন একই ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে ঝগড়া বাধে।  একপর্যায়ে ঝগড়া সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় শিশু জেরিনের মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, মরদেহের ময়নাতদন্ত হয়েছে। প্রতিবেদনে আরো বিস্তারিত জানা যাবে। সংঘর্ষের ঘটনায় নিহত শিশুর বাবা জাকির হোসেনও গুরুতর আহত হয়েছেন।

আমরা জেনেছি আগে থেকে এ দুই প্রতিবেশীর মধ্যে জায়গাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। আমরা ঘটনার তদন্ত করছি এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।