রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছে একদল বিক্ষোভকারী। এ সময় তাদের সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা বাধা দেয়। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের দাবিতে বঙ্গভবনের সামনে আন্দোলন করছিলেন কিছু ছাত্রজনতা। পরে তারা হঠাৎ নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করেন। ফলে আন্দোলনকারীদের বাধা দেয় নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দেয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা।

এর আগে বিক্ষোভকারীরা সেখানে ভুয়া-ভুয়াসহ একাধিক স্লোগান দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারীরা সেনাবাহিনী ও পুলিশের ব্যারিকেডের সামনে অবস্থান করছেন। তাদের মধ্যে কেউ কেউ ব্যারিকেডের ওপরে উঠে নানা স্লোগান দিচ্ছেন।