চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাঘববাটি সীমান্ত এলাকা থেকে দুটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করা হয়।
দুপুর সাড়ে ৩টায় ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৯০০ মিটার অভ্যন্তরে রাঘববাটি এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকের চেষ্টা করলে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে দুটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, নির্বাচনসহ দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি চক্র সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালানের চেষ্টা করছে। এ ধরনের তৎপরতা রোধে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।










