মাগুরা সদর উপজেলার লক্ষিকান্দর গ্রামের নিজ বাড়ির সামনে থেকে ভরত বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়ার পর পুলিশের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

ভরত বিশ্বাসের স্ত্রী মুক্তা বিশ্বাস বলেন, গত রোববার বিকাল সাড়ে ৫টার দিকে আমি ও আমার স্বামী বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম। এ সময় সাদা রঙের একটি হায়েচ মাইক্রোবাস আমাদের সামনে এসে দাঁড়ায়। এসময় গাড়ি থেকে দুজন লোক নেমে আমার স্বামীকে টেনেহিঁচড়ে ওই মাইক্রোবাসে ওঠায়। আমি বাধা দিতে গেলে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর থেকে তার কোনো খোঁজ আমরা জানি না।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, লক্ষিকান্দর গ্রামের রতন বিশ্বাসের ছেলে ভরত বিশ্বাস অপহৃত। তিনি শহরের ঢাকারোড এলাকায় একটি কীটনাশকের দোকানের কর্মচারী ছিলেন। খবর পাওয়ার পর থেকেই উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় অপহৃতের স্ত্রী মুক্তা বিশ্বাস বাদী হয়ে আজ দুপুরে সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে অপহরণের মামলা করেছেন।