নড়াইলের লোহাগড়ায় সৈয়দ মুক্তার হোসেন (৪৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার দীঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের মৃত সৈয়দ জাফর আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, জমিতে কাজ করতে গ্রামের দিনমজুর মিজানুর রহমানকে ঠিক করেছিলেন মুক্তার হোসেন। মুক্তার হোসেন গত শনিবার সকালে ফসলের মাঠে গিয়ে দেখতে পান মিজানুর অন্যের জমিতে কাজ করছেন। এতে ক্ষুব্ধ হয়ে মিজানুরকে বকাঝকা করেন মুক্তার। এর জের ধরে ওইদিন সন্ধ্যায় মুক্তার হোসেনকে তার বাড়ির সামনে লাঠিপেটা করেন মিজানুরসহ আরো কয়েকজন। এ সময় ঠেকাতে গিয়ে আহত হন মুক্তারের ছেলে ইসমাইল (২১)। পরে স্থানীয়রা মুক্তারকে উদ্ধার করে স্থানীয় দীঘলিয়া বাজারে চিকিৎসা দেন। এরপর রাতে তাকে নেয়া হয় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে গতকাল সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়েছে।
লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।










