রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে থানা থেকে সরিয়ে পুলিশ সুপার কার্যালয়ের অপরাধ শাখায় পুলিশ পরিদর্শক (ক্রাইম) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। একই সঙ্গে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনকে গোয়ালন্দ ঘাট থানার ওসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল পুলিশ সুপার মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নুরাল পাগলার দরবারে হামলার ঘটনার এক সপ্তাহের মাথায় এ রদবদল করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘এটি আমাদের নিয়মিত বদলির অংশ। আমাকে যেখানে বদলি করা হয়েছে সেখানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।’
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজিব বলেন, ‘এটি প্রত্যাহার নয়, দাপ্তরিক কাজের প্রয়োজনে তাকে বদলি করা হয়েছে।’
গত ৫ আগস্ট জুমার নামাজের পর ইমান-আকিদা রক্ষা কমিটির ব্যানারে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে আগুন দেয়ার পাশাপাশি ভাংচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় নুরাল পাগলার ভক্তদের সঙ্গে সংঘর্ষে দুই পক্ষের শতাধিক মানুষ আহত হয়। হামলায় নিহত হন নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর, ভাংচুর করা হয় দুটি গাড়ি। এতে ১০-১২ পুলিশ সদস্য আহত হন। পরে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয় হামলাকারীরা।
পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় ৫ আগস্ট রাতেই অজ্ঞাতনামা সাড়ে তিন হাজার জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করা হয়। মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।










