নেত্রকোণা পৌরসভার নাগড়া এলাকা থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বাবা আবদুল কাইয়ুম (৩২) ও দুই বছরের ছেলে আহনাব শাকিলের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ঐ এলাকায় বাসা ভাড়া নিয়ে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করছিলেন।
মৃত আবদুল কাইয়ুম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরের খামার গ্রামের আক্কাস সরদারের ছেলে। তিনি ঔষধ প্রশাসন অধিদপ্তরের নেত্রকোণার নাগড়া অফিসে কর্মরত ছিলেন।
মৃত আবদুল কাইয়ুমের স্ত্রী সালমা আক্তার জানান, নেত্রকোণা পৌরসভার নাগড়া এলাকায় মুক্তিযোদ্ধা আনোয়ার স্মৃতি সড়কে রুহুল আমীনের বাসার চতুর্থ তলায় গত প্রায় সাত বছর ধরে ভাড়া থাকতেন তারা। প্রতিদিনের মতো বুধবার রাতের খাবার খেয়ে রাত ১টার দিকে ঘুমিয়ে পড়েন। ভোর বেলা উঠে পাশের কক্ষে স্বামী ও সন্তানের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তিনি স্বামী ও সন্তানের লাশ নামিয়ে ফেলেন। এলাকাবাসীকে জানালে তারা পুলিশে খবর দেয়।
নেত্রকোনা মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে সন্তানকে হত্যার পর নিজেও ফাঁসিতে ঝুলে পড়তে পারেন আবদুল কাইয়ুম। এছাড়া তার স্ত্রীর বক্তব্যও খতিয়ে দেখা হচ্ছে।










