পুলিশের অধস্তন ফোর্সের থাকা-খাওয়ার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর উত্তরাঞ্চলের তিনটি থানা (বিমানবন্দর, উত্তরা পশ্চিম ও তুরাগ) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, আজকের পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল পুলিশের অধস্তন ফোর্সের থাকা ও খাওয়ার ব্যবস্থা পর্যবেক্ষণ করা। আমি দেখেছি- তাদের থাকার ব্যবস্থা খুবই খারাপ। কিভাবে এটিকে উন্নত করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টা আমাদের নির্দেশ দিয়েছেন। সেজন্য বিভিন্ন থানা সরেজমিন পরিদর্শন করে দেখছি।
তিনি বলেন, জনদুর্ভোগ নিরসন ও থানার সেবার মান আরো উন্নত করার লক্ষ্যে রাজধানীর প্রতিটি থানা নিজস্ব জায়গা ও ভবনে স্থানান্তর করা হবে। সেজন্য প্রয়োজনীয় অর্থ সংস্থানের চেষ্টা চলছে।
উপদেষ্টা আরো বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে নয়টি থানা নতুন/নিজস্ব জায়গায় স্থানান্তর করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্য থানাও নিজস্ব জায়গা ও ভবনে স্থানান্তর করা হবে।
বিগত সরকারের আমলে দায়ের করা মিথ্যা মামলায় হয়রানি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মিথ্যা মামলায় যাতে কাউকে হয়রানি না করা হয় সেজন্য পুলিশকে অনেক আগে থেকেই নির্দেশনা দেয়া হয়েছে। তিনি এ সময় গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখা ও সঠিক তথ্য প্রদানের জন্য সংশ্লিষ্ট ওসিদের নির্দেশ দেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি ঘটছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সময়ের সঙ্গে সঙ্গে এটি আরো উন্নত হবে। ১৮ কোটি মানুষের দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ অত সহজ নয়। আমাদের সময় দিন। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি ঘটবে।
এ সময় আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান উপদেষ্টা। পরে পল্লবী থানা আকস্মিক পরিদর্শন করেন।















