পণ্য পাচারে জড়িত থাকার অভিযোগে যশোরের বেনাপোল স্থলবন্দরের বেসরকারি সিকিউরিটি গার্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আল আমিন সিকদারকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রত্যাহার করা হয়েছে আনসারের প্লাটুন কমান্ডার অসিত কুমার ও ইয়ামিন কবিরকে। বৃহস্পতিবার বিকালে এ ব্যবস্থা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর বেনাপোল পোর্ট থানার ভবেরভেড় বাইপাস সড়কের ট্রাক টার্মিনালের সামনে থেকে একটি বাংলাদেশী ট্রাক থেকে অবৈধ পণ্য চালান আটক করে বিজিবি। এ ঘটনার পর ২৩ সেপ্টেম্বর স্থলবন্দর কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে, ওইদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্দরের কার্গো ভেহিকল টার্মিনালের ৯, ১০, ১১ এবং ছোট আচড়া মোড়ে গেটে দায়িত্বরত আনসার সদস্যরা পণ্য পাচারের ঘটনায় জড়িত ছিলেন। এছাড়া বন্দরের আনসার ক্যাম্পের দুজন প্লাটুন কমান্ডার অসিত কুমার বিশ্বাস এবং ইয়ামিন কবীর এ ঘটনায় সম্পৃক্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্তের ভিত্তিতে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয় থেকে উল্লিখিত আনসার সদস্যদের বেনাপোল স্থলবন্দর থেকে প্রত্যাহার এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ১৫ অক্টোবর থেকে তাদের বায়োমেট্রিক হাজিরা স্থগিত করা হয়েছে।

এছাড়া বেসরকারি নিরাপত্তা সংস্থা আল আরাফাত সার্ভিসেস লিমিটেডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আল আমিন সিকদারের বিরুদ্ধে অনিয়মের সত্যতা মেলায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে বরখাস্ত করেছে বন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) শামীম হোসেন রেজা বলেন, ‘ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কেউ যাতে বন্দরে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। প্রধান নিরাপত্তা কর্মকর্তা আল আমিন সিকদারকে বরখাস্ত করা হয়েছে। বন্দর এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতে আরো কঠোর নজরদারি করা হবে।’