বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবারো অনুষ্ঠিত হয়েছে নারী ও পুরুষের পৃথক নৌকাবাইচ।

নড়াইড় জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের  আয়োজনে গতকাল বিকাল পৌনে ৩টার দিকে চিত্রা নদীতে এ বাইচ শুরু হয়েছে। প্রথমে অংশ নেন নারী প্রতিযোগীরা। পরে ৩টার দিকে শুরু হয় পুরুষের বাইচ। নড়াইল পুরনো ফেরিঘাট থেকে শুরু হয়ে এসএম সুলতানের বাড়ির পাশ দিয়ে পাঁচ কিলোমিটার দূরে মাছিমদিয়া চিত্রা সেতুতে গিয়ে শেষ হয়েছে বাইচ। এ প্রতিযোগিতা দেখতে আসা লাখো মানুষের উপস্থিতিতে জনস্রোতে পরিণত হয়েছিল চিত্রা নদীর দুই পাড়। শুধু নড়াইল নয়, পাশের জেলা ফরিদপুর, গোপালগঞ্জ, মাগুরা, ঝিনাইদহ, যশোর ও খুলনাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে  বাইচ দেখতে আসেন দর্শনার্থী।

শিল্পী সুলতান তার চিত্রকর্মে গ্রামীণ জীবন, জনপদ ও সংস্কৃতিকে তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন। প্রতি বছর তারই জন্মবার্ষিকীতে বাইচ আয়োজনের মাধ্যমে শিল্পীর সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা চালায় সুলতানপ্রেমী নড়াইলবাসী।

বাইচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের উপপুলিশ পরিদর্শক ড. খ. মহিদ উদ্দিন, পুলিশ সুপার সাদিরা খাতুন, এসএম সুলতান ফাউন্ডেশনের সম্পাদক আশিকুর রহমান মিকু,  সুলতান উৎসবের আয়োজক এবং এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ, ফাউন্ডেশনের সদস্য সচিব বিমানেষ চন্দ্র বিশ্বাস, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ।