শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ তুলে সাভারে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার পাঁচ শতাধিক শ্রমিক। গতকাল সকাল ৯টা থেকে সাভারের উলাইলে আনলিমা টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন।

তাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ কিছুদিন ধরে অন্যায়ভাবে কারখানাটির শ্রমিকদের চাকরিচ্যুত করে আসছে। পাশাপাশি চাকরিচ্যুত শ্রমিকদের ন্যায্য পাওনা যেমন—সার্ভিস বেনিফিট ও ছুটির টাকা পরিশোধ করা হচ্ছে না। এছাড়া কারখানাটির মহাব্যবস্থাপক গোলাম কিবরিয়ার বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলেছেন তারা।

যদিও শ্রমিকের এসব অভিযোগ অস্বীকার করে কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. কাইয়ুম বলেন, ‘অন্যায়ভাবে শ্রমিককে চাকরিচ্যুতির অভিযোগ সঠিক নয়, কারখানায় কাজ কম থাকায় অনেক শ্রমিক চাকরি ছেড়ে চলে গেছেন।’