ঢাকা বিশ্ববিদ্যালয়
এলাকায় বহিরাগত যানবাহন নিয়ন্ত্রণ করে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
আজ রোববার (৪ ডিসেম্বর) দিনভর বিভিন্ন কর্মসূচি নিয়ে বিক্ষোভ করছেন তারা। সম্প্রতি
বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়িচাপায় এক নারীর প্রাণহানির পর নিরাপদ ক্যাম্পাসের দাবিতে
আন্দোলন করছেন তারা।
সকালে বিশ্ববিদ্যালয়ের
রাজু ভাস্কর্যের পাদদেশ নিহত রুবিনা আক্তারের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে
কর্মসূচি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে মিছিল করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।বিক্ষোভে টিএসসি
এলাকায় বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণেরও দাবি জানানো হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের
বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের কয়েকশ শিক্ষার্থী
অংশ নেন।
এসময় বিক্ষোভরত শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয় এলাকার সড়কে চলাচলরত যানবাহন নিয়ন্ত্রণ করেন। তবে শিক্ষক-শিক্ষার্থী
ও কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি এবং অ্যাম্বুলেন্স চলাচলে কোনো বাধা দেয়নি তারা।
এদিকে, রুবিনা আক্তার
হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত, যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ, শব্দ দূষণ প্রতিরোধে ব্যবস্থাগ্রহণ
ও শাস্তির বিধান, গেটে চেকপোস্ট বসানোসহ ১১ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন
তারা।
দাবি বাস্তবায়নের আল্টিমেটাম
দিয়ে আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আনিকা তাহসিনা বলেন, যদি আগামী ১০ ডিসেম্বরের
মধ্যে আমাদের দাবিগুলো বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ না নেয়া হয়, তাহলে ১১ ডিসেম্বর থেকে
কঠোর কর্মসূচি দেয়া হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার
বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষকের গাড়িচাপায় এক নারীর মৃত্যু হয়।এ ঘটনার পর
বিক্ষোভ করেছে ‘নিরাপদ সড়ক চাই’সহ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সংগঠন।










