বাংলা একাডেমিকে আরো কার্যকর ও অংশগ্রহণমূলক প্রতিষ্ঠানে রূপ দিতে সংস্কার কমিটি গঠনের কাজ চলছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। চলতি সপ্তাহেই এ কমিটি হবে, যেখানে প্রবীণ ও নবীন লেখক, গবেষক এবং বুদ্ধিজীবীরা যুক্ত থাকবেন।
আজ শনিবার (১ মার্চ) প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড সংগীত, বাউল গান, নৃত্য, থিয়েটার, চলচ্চিত্র, ভার্চুয়াল রিয়েলিটি প্রদর্শনীসহ নানা আয়োজনের মাধ্যমে উৎসবমুখর আবহ তৈরি করা হয়েছে। এছাড়া সম্প্রতি ‘ইকোনমিস্ট কান্ট্রি অব দ্য ইয়ার’ স্বীকৃতিকে কেন্দ্র করে সংস্কৃতি মন্ত্রণালয় একটি কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের আধুনিকায়ন নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থপতি মেরিনা তাবাসসুমের নেতৃত্বে জাতীয় জাদুঘরের গভর্নিং বডি পুনর্গঠন করা হয়েছে। তিন বছরের মধ্যে এটিকে আধুনিক ও কার্যকর জাদুঘরে রূপান্তরের পরিকল্পনা নেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাম্প্রতিক আন্দোলনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নতুনভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। তার গানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে দেশের শীর্ষস্থানীয় রক ব্যান্ডগুলোর মাধ্যমে একটি বিশেষ অ্যালবাম তৈরির কাজ শুরু হয়েছে। পহেলা বৈশাখে মানিক মিয়া এভিনিউতে রক কনসার্টের মাধ্যমে অ্যালবামটি উদ্বোধন করা হবে।
এতে জানানো হয়, এবারের একুশে পদক শুধুমাত্র একটি পুরস্কার হিসেবে সীমাবদ্ধ থাকেনি, বরং এর মাধ্যমে সরকারের রাজনৈতিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটানো হয়েছে।
‘রিমেম্বারিং মনসুন রেভুলিউশন’ কর্মসূচির আওতায় সারা দেশে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা হচ্ছে উল্লেখ করে প্রেস উইং জানায়, এসব কর্মশালা থেকে মাঝারি দৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি হবে, যা ‘জুলাই ন্যারেটিভ’ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। সেই সঙ্গে আটটি থিয়েটার দলের মাধ্যমে আটটি নতুন প্রযোজনা তৈরি করা হচ্ছে।
পাশাপাশি বিশ্বব্যাপী সংস্কৃতি নীতি ও সৃজনশীল অর্থনীতির সমন্বিত বিকাশের দৃষ্টান্ত অনুসরণ করে একটি আধুনিক কালচারাল পলিসি তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিক খসড়া প্রস্তুতের পর তা বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে শেয়ার করা হবে, যেন তাদের মতামত অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ নীতি প্রণয়ন করা যায়।
অন্যদিকে কক্সবাজারকে গুরুত্বপূর্ণ কালচারাল হাব হিসেবে গড়ে তুলতে এবং ঐতিহ্যবাহী পানাম নগরকে ‘কালচারাল ক্যাপিটাল’ ঘোষণা করে তার সংস্কার ও পুনর্জীবনে এরই মধ্যে পরিকল্পনা নেয়া হয়েছে বলে প্রেস উইং জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে দুদিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তীর বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে লালন ও র্যাপ গানের পাশাপাশি চার ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান পরিবেশিত হয়েছে।










